নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদা এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো মস্তকবিহীন সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সুগদা থানাধীন মান্ডার আব্দুল করিম রোডে ২৬০/১ শাহনাজ ভিলা বাসার বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় ওই পুরুষের পচনধরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার এসআই মো: আবু রায়হান জানান, আমরা খবর পেয়ে আব্দুল করিম রোডের শাহনাজ ভিলার একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা গলা ও পলিথিনে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির মাথা না থাকায় তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার নাম-পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।



