খুলনা ব্যুরো
খুলনায় নিজের দুই যমজ শিশু সন্তানকে হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কণাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কণা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামানের মেয়ে এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মো: মাসুম বিল্লাহর স্ত্রী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে কানিজ ফাতেমা কণার সাথে মাসুম বিল্লাহর বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর কণা দু’টি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়ি তেরখাদার কুশলা গ্রামে চলে আসেন। সেখান থেকে তিনি স্বামী মাসুম বিল্লাহকে বারবার অনুরোধ করেন তাকে ও সন্তানদের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তবে মাসুম বিল্লাহ বিষয়টি নিয়ে গড়িমসি করতে থাকেন।
স্বামীর এই উদাসীনতা ও পারিবারিক টানাপোড়েনের একপর্যায়ে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কণার ছোট বোন মাসুমকে ফোন করে জানান যে, সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে মাসুম দ্রুত শ্বশুরবাড়িতে ছুটে আসেন। পরদিন ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে যমজ শিশু দু’টির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এই নৃশংস ঘটনায় সন্তানদের বাবা মো: মাসুম বিল্লাহ বাদি হয়ে স্ত্রী কণাকে একমাত্র আসামি করে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ মার্চ পুলিশ কণাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত গতকাল এই রায় প্রদান করেন।



