বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওয়াজ প্রামাণিক, আদিল প্রামাণিক, আব্দুল বারেক প্রামাণিক, কামরুল হাসান, ইসরাইল প্রামাণিক, সজিব হোসেন, আবু হানিফ, আব্দুল আওয়াল, রাব্বি মণ্ডল, মেহেদি হাসান ও ইলিয়াস হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদের পরদিন গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর এলাকার আবির হোসেনের সাথে শিবপুর গ্রামের কয়েকজন যুবকের বাথগি¦তণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় শিবপুর বাজারে সজিব হোসেনকে মারধরের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মারামারি থামাতে গেলে স্থানীয় ব্যবসায়ী আবু হানিফও হামলার শিকার হন। খবর ছড়িয়ে পড়লে গড়মাটি কলোনি ও গোপালপুর কলোনির লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে শিবপুর গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিন পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, ঘটনায় তিনটি পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



