ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে জার্সি বিতর্কে পড়েছে হাইতি। দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক এক যুদ্ধের চিত্র ব্যবহারের কারণে ফিফার আপত্তির মুখে নিজেদের বিশ্বকাপ জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে ক্যারিবীয় দেশটি।
হাইতির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েটা বুধবার এক বিবৃতিতে জানায়, ফিফার নির্দেশনা মেনে জার্সির নকশায় পরিবর্তন আনা হয়েছে। মূল জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক ভার্টিয়েসের যুদ্ধের একটি চিত্র এবং হাইতির জাতীয় পতাকার প্রতীক সংযুক্ত ছিল। এই যুদ্ধই ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হাইতির স্বাধীনতা নিশ্চিত করেছিল।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পেরু ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে হাইতির ফুটবলাররা এই জার্সি পরেছিলেন। তবে পর্যালোচনার সময় ফিফা মনে করে, জার্সির কিছু ভিজ্যুয়াল উপাদান তাদের সরঞ্জামবিষয়ক নীতিমালার সাথে সাংঘর্ষিক হতে পারে।
ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা, স্লোগান কিংবা প্রতীক ব্যবহার করা যাবে না। যদিও হাইতি এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতার দাবি, জার্সির নকশাটি রাজনৈতিক বার্তা দেয়ার জন্য নয়; বরং দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতি গঠনে অবদান রাখা মানুষদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
সায়েতা তাদের বিবৃতিতে জানায়, আমাদের উদ্দেশ্য ছিল হাইতির ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা নারী-পুরুষদের সম্মান জানানো। এটি কোনো রাজনৈতিক বার্তা ছিল না। তবে ফিফার ব্যাখ্যাকে সম্মান জানিয়ে আমরা প্রয়োজনীয় পরিবর্তন করেছি।
৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। তাদের সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ ছিল ১৯৭৪ এ। এবার গ্রুপ পর্বে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ১৩ জুন বস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ফিলাডেলফিয়ায় পঁাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আটলান্টায় আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে।



