রাজাপুরে এক মাসে ১৬ বাড়িতে চুরি-ডাকাতি আতঙ্কে বাসিন্দারা

Printed Edition

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত এক মাসে ১৬টি বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘটিত এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট হয়েছে। একাধিক ঘটনায় হামলায় অন্তত দু’জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র কখনো সিঁধ কেটে, কখনো টিনের বেড়া বা জানালার গ্রিল কেটে এবং তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির মালিকদের অনুপস্থিতির সুযোগ নেয়া হয়েছে।

ঘটনাগুলোর মধ্যে নৈকাঠি, আলগি, ডহরসংকর, সাউথপুর, উত্তর কাঠিপাড়া, সরকারি কলেজ এলাকা, মহিলা কলেজ এলাকা, পূর্ব রাজাপুরসহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোথাও ১২ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার লুট হয়েছে। বিশেষ করে ২৫ মার্চ রাতে মহিলা কলেজ এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় মাহাফুজা বেগম ও মহিউদ্দিন আল ফারুক রাজিব আহত হন। ডাকাতরা তাদের ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। থানার ওসি নজরুল ইসলাম বলেন, অনেকেই আনুষ্ঠানিক অভিযোগ না করায় তদন্তে সীমাবদ্ধতা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।