নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।
প্রেস উইং জানায়, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
বেলা ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বেলা ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি।
ত্রিশালে উৎসবের আমেজ
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের রঙে রাঙা। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩, ২৪ ও ২৫ মে তিন দিনব্যাপী আয়োজিত এ নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালে ভিড় জমাবেন দেশ-বিদেশের নজরুলভক্ত, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা। নজরুল মঞ্চে পরিবেশিত হবে কবির অমর সঙ্গীত; পাশাপাশি বসছে নজরুল গ্রামীণ মেলা ও বইমেলা। পুরো এলাকা মুখর হয়ে উঠবে সাংস্কৃতিক আয়োজন ও মানুষের পদচারণায়।
সরকারি নজরুল একাডেমি মাঠজুড়ে ইতোমধ্যে বসেছে ‘নজরুল গ্রামীণ মেলা’। পাঁচ শতাধিক দোকানে জমে উঠেছে কেনাবেচা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা ও রঙতুলির ছোঁয়ায় নতুন রূপ পেয়েছে আশপাশের এলাকা। শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলছেন, নজরুলজয়ন্তী ত্রিশালবাসীর প্রাণের উৎসব। জাতীয় পর্যায়ে আয়োজন হওয়ায় এবার উৎসবের মাত্রা আরো বেড়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি।
কোরবানির পশুর বজ্য দ্রুত অপসারণের নির্দেশ
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ বোনাস হস্তান্তর করেন। এসময় সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের দিনই কোরবানির পশুর বজ্য পরিষ্কারসহ দ্রুত রাস্তাঘাট চলাচলের উপযোগী রাখার ওপর নির্দেশনা দেন। তিনি বলেছেন, কোথাও যেন কোরবানির পশুর বর্জ্য পড়ে না থাকে। একইসাথে শহরবাসীদেরও পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।
প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। জনগণের চলাচলে বা বসবাস করতে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। ঈদকে সামনে রেখে শহর যেন দ্রুত সময়ে পরিষ্কার করা হয়, সে বিষয়ে সজাগ থাকতে তিনি অনুরোধ জানান।
এ দিকে এর আগে হেঁটে বাসা থেকে গুলশানে বিএনপির কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে বাসায় আসর নামাজ পড়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।



