যুক্তরাজ্যে পঞ্চমবার মেয়র নির্বাচিত পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রৌশন আরা দোলন। গত বুধবার অনুষ্ঠিত কাউন্সিলরদের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে তিনি পুনর্নির্বাচিত হন।

রৌশন আরা দোলন পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের প্রথম এশীয় নারী মেয়র হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন।

নির্বাচিত হওয়ার পর রৌশন আরা দোলন বলেন, ‘পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। শহরের বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি আরো বলেন, সবার সহযোগিতায় শহরকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তুলতে কাজ চালিয়ে যাবেন।

জানা গেছে, ২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টানা পাঁচবার এ পদে জয় পেয়েছেন তিনি। গৃহহীনদের সহায়তা, করোনাকালে মানবিক কর্মকাণ্ড এবং শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়দের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

রৌশন আরা দোলন ১৯৭৮ সালে পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে উচ্চশিক্ষা সম্পন্ন করে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।