গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীম বিদ্যালয় পরিদর্শনের পর এ কমিটি গঠন করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণীর ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। বিষয়টি সে তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষক সারমিন জাহানকে জানায়। ব্লেডটি খাওয়ার আগেই শনাক্ত হওয়ায় শিক্ষার্থী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুটি উৎপাদন ও সরবরাহ করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় ধাতব বস্তু থাকলে তা শনাক্ত হওয়ার কথা। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ইউএনও ইব্রাহীম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।