মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মো: নাহিদের পাশে দাঁড়িয়েছে মিরসরাই এডুকেশন সোসাইটি। গত মঙ্গলবার রাতে মিরসরাই প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে নাহিদের হাতে ভর্তির জন্য ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।
নাহিদ মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও শারীরিক প্রতিবন্ধী আলাউদ্দিন মিয়ার ছেলে। তার মা লাকী বেগম মানুষের বাসায় কাজ করে সংসার ও তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালান। নাহিদ এবার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নাহিদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংসারের টানাটানিতে একসময় ভেবেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু মিরসরাই এডুকেশন সোসাইটি আমার সেই স্বপ্ন ভাঙতে দেয়নি।
সংগঠনটির সভাপতি মির্জা জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আমরা সব সময় অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছি। ভবিষ্যতেও নাহিদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব। টাকা হস্তান্তরের সময় মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া এবং মিরসরাই এডুকেশন সোসাইটির যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



