ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’। সেই সাথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইউটিএলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয় বরং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থার চরিত্র নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ।
তিনি বলেন, গত দেড় দশকে রাষ্ট্র পরিচালনায় বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাবের অভিজ্ঞতা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনকে তিনি রাষ্ট্রীয় পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সেই আত্মত্যাগ ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নৈতিক দায় সৃষ্টি করেছে।



