কুমিল্লা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন। কুমিল্লার চিকিৎসক মেয়ে আনিকা ফরায়েজিকে জীবনসঙ্গী করবেন তিনি।
বর সাদিক কায়েম খাগড়াছড়ি জেলা সদরের ব্যবসায়ী আবুল কাশেম ও রাশেদা বেগমের ছেলে। কনে আনিকা ফারদিন ফরায়েজি চৌদ্দগ্রামের আইয়ুব আলী ফরায়েজি ও রোকসানা পারভীন আসমার মেয়ে।
গতকাল শুক্রবার কনের বাবা আইয়ুব আলী ফরায়েজি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বড় মেয়ে আনিকা এমবিবিএস চিকিৎসক। আগামী ১৩ মে আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এতে ডাকসুর নেতারা ও শিক্ষার্থীরা উপস্থিতি থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে। তার বাবা ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরো বেশি আলোচনায় আসে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঢাকার কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে কারা দাওয়াত পাবেন, তা কনের বাবা শিগগিরই চূড়ান্ত করবেন।
এ দিকে কনের বাবা আইয়ুব আলী ফরায়েজি তার বড় মেয়ে আনিকার সুখ ও সমৃদ্ধির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।



