রাজবাড়ীতে শিশু ও বরিশালে ভ্যানচালক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে এক শিশু এবং বরিশালের গৌরনদীতে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদভিক প্রাইভেটকারে পরিবারর সাথে ঢাকায় যাচ্ছিল বলে জানা গেছে।

আহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জৌতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে (ম্যানেজার) মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পারডেমনামারা বাগলী বাজার এলাকার মো: সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের মেয়ে সেলিনা (৫০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপর দিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে পৌঁছালে দু’টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

বরিশাল ব্যুরো জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বাবু লাল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ১০টায় মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু লাল উজিরপুরের জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রীম বিক্রি করতে এসেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বাবু লাল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আরাফাত হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ব্রিজ রোডে কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরাফাত হোসেন মহাদেবপুর উপজেলা সদরের ঘুটুপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত হোসেন মোটরসাইকেল চালিয়ে নদীর পশ্চিম দিক থেকে ব্রিজ পার হয়ে পোস্ট অফিস মোড়ের দিকে আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু’জন পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সড়কের ধারে থাকা পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।