সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃদ্ধা মা জুলেখা খাতুনের (৬৫) জানাজায় অংশ নিতে এসে আকস্মিক মৃত্যু হয়েছে ছেলে আবু বাক্কার ছিদ্দিকের (৩৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আবু বাক্কার ছিদ্দিক দীর্ঘদিন ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার স্ত্রী শরিফা আক্তার জানান, তার স্বামী আবু বাক্কার মাকে ভীষণ ভালোবাসতেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকায় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে তিনি স্বামীকে শুধু ‘আম্মা অসুস্থ’ বলে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে এসে মায়ের লাশ দেখার সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মায়ের জানাজা শেষে শুক্রবার সকালে ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি সমাহিত করা হয়েছে। ছিদ্দিকই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি দোকানের সংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল শিশুটি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে সাইরা মনির লাশ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করেন। নারায়ণহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় আগে কিছু জানানো হয়নি। লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।

ব্যবসায়ী নিখোঁজ, উদ্ধারে মানববন্ধন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সপ্তাহাধিক ধরে নিখেঁাঁজ ব্যবসায়ী বিল্লাল হোসেনের (৪০) সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার এলাকার সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিখোঁজ বিল্লাল হোসেন উপজেলার দলপা ইউনিয়নের ভূঁঁইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বীরগঞ্জ বাজারে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করেন। ৩০ মে প্রতিদিনের মতো তিনি দোকানে যান; কিন্তু রাতে বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে পরিবারের লোকজন দোকানে গিয়ে তার মোটরসাইকেল, মোবাইল ফোন, দোকানের চাবি ও অন্যান্য জিনিসপত্র পান, কিন্তু তাকে পাননি। ব্যাপক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ৩১ মে কেন্দুয়া থানায় জিডি করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, থানায় জিডি করা হয়েছে এবং তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত তার সন্ধান দেয়া হোক। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা।

অস্ত্রসহ ২ মাদককারবারি আটক

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি দেশীয় পাইপগান (এলজি), দুই রাউন্ড কার্তুজ, গাঁজা ও ইয়াবাসহ দুই চিহ্নিত মাদককারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গঙ্গাপুর এলাকায় রঞ্জুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ওই এলাকার বাসিন্দা রঞ্জু ও তার সহযোগী শাখাওয়াত হোসেন শাখা। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করতেন। স্থানীয়ভাবে বারবার নিষেধ করেও তারা তাদের এ অবৈধ ব্যবসা চালিয়ে যান। এ অবস্থায় শুক্রবার রাতে যুবদল নেতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল তরুণ ও জনতা রঞ্জুর বাড়ি ঘেরাও করে। তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাদের হাতেনাতে আটক করেন তারা। পরে খবর দিয়ে পুলিশ এনে তাদের হাতে তুলে দেয়া হয় দুই কারবারিকে। লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানান, তারা এলাকার তালিকাভুক্ত মাদককারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।

মালয়েশিয়ায় কটিয়াদীর যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যুবক আল আমিন মিয়া (৩৫) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের নিমুক পুরুড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুর শহরের একটি ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনের স্ত্রী আয়েশা আক্তার জানান, প্রায় সাড়ে ৮ বছর ধরে তার স্বামী মালয়েশিয়ায় চাকরি করছেন। ছুটি পেলেই বাড়িতে আসতেন। তাদের সংসারে দু’টি ছেলে ও দু’টি মেয়ে রয়েছে। ছোট মেয়ের বয়স মাত্র তিন মাস। তিনি বলেন, ‘ছোট ছোট সন্তানদের নিয়ে কিভাবে সংসার চালাবো, সন্তানদের লেখাপড়া ও ভরণপোষণ নিয়ে আমি ভীষণ চিন্তিত।’ তিনি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা কামনা করে দ্রুত স্বামীর লাশ বাড়িতে আনার অনুরোধ জানান। পরিবার ও এলাকাবাসী নিহাতের আত্মার মাগফেরাত কামনা করেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

বংশী নদীতে কিশোরের মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার বংশী নদীতে গোসল করতে গিয়ে আব্দুস সালাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। জানা যায়, গত বুধবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সাথে বংশী নদীতে গোসল করতে যান আব্দুস সালাম। একপর্যায়ে সে নদীতে লাফ দিয়ে পড়ে। কিন্তু সাঁতার না জানায় সালাম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ধামরাই স্টেশনের একটি ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ ২৬ ঘণ্টা অনুসন্ধানের পর নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কিশোরটির লাশ ভেসে ওঠে। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুস সালাম ওই এলাকার আব্দুস সেলিম খানের ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

বেনাপোলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে ব্যবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আনুমানিক ১০টায় এ ঘটনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। সোহাগ একই গ্রামের চেকপোস্ট এলাকার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তিনি জানান, রাতে অফিস থেকে ফেরার কিছুক্ষণ পর ১০-১২ জনের একটি দল এসে তাকে হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালার কাচ ও দরজা লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পূর্বের ব্যবসায়িক লেনদেনের বিরোধের জেরে এ হামলা বলে ধারণা করছেন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি জানান। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।