ক্রীড়া ডেস্ক
২০২৩ সালের শুরুতে ইউরোপের ফুটবলের পাঠ চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের দেশটিতে সিআর সেভেনের আগমনে বিপ্লব শুরু হলো ফুটবলে। সৌদিতে এসে নিয়মিত পারফরম্যান্স করলেও ফাইল ক্যাবিনেটটা খালিই ছিল। ২০২৩ সালে আরব ক্লাব কাপ জয় করলেও কোনো মেজর শিরোপার ছোঁয়া পাননি তিনি। ফলে যতই দিন যাচ্ছিল তার ওপর বাড়ছিল চাপ ও সমালোচনা। এর মধ্যে গত সপ্তাহে গাম্বা ওসাকার কাছে ফাইনালে হেরে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু শিরোপাও হাতছাড়া করে আল নাসর। সব মিলে রোনালদোর জন্য এবারের লিগ শিরোপা ছিল অগ্নিপরীক্ষার মতো। অবশেষে মেজর কোনো শিরোপার স্বাদ পেলেন সিআর সেভেন। সৌদি প্রো লিগে শেষ রাউন্ডের ম্যাচে গত পরশু দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে আল হিলালকে ২ পয়েন্টে পেছনে ফেলে ট্রফি জয় করল রোনালদোর দল আল নাসর।
ম্যাচের ৩৩ মিনিটে সাদিও মানে ও ৫১ মিনিটে কিংসলে কোম্যানের করা দুই গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর ৫৭ মিনিটে আচমকাই পেনাল্টি পেয়ে একটি গোল শোধ করে দামাক। তবে ৫ মিনিট পর দারুণ এক ফ্রি কিকে দলকে দুর্ভাবনায় পড়তে দেননি রোনালদো। ৮০ মিনিটে করলেন আরো এক গোল। এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি। হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর ক্যারিয়ার সব মিলে গোল হলো ৯৭৩টি। দামাককে হারিয়ে ছয় মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হলো দলটি। প্রো লিগে এটি একাদশ শিরোপা আল নাসরের। রিয়াদে এই জয়ের আনন্দ চোখে অশ্রু হয়ে ঝরল রোনালদোর।
ম্যাচ শেষ হতে দশ মিনিটের মতো বাকি। দামাকের জালে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলের পর শিরোপা জয় তখন অনেকটা নিশ্চিত। এরপরই দেখা গেল আবেগময় এক দৃশ্য। হঠাৎই টেলিভিশন স্ক্রিনে দেখা গেল কাঁদছেন রোনালদো! কাঁদতে কাঁদতে আঙুল তুলে স্ট্যান্ডে থাকা পরিবারের দৃষ্টি আকর্ষণের পর সেই কান্নার বেগ যেন আরো বাড়ল। কে ভেবেছিল, বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপা জেতা রোনালদো সৌদি আরবের লিগ জিতে এভাবে কাঁদবেন!
ইউরোপের ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা উয়েফা ইউরো (ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ)। ২০১৬ সালে প্রথমবারের মতো এই শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল। ২০১৮-১৯ ও ২০২৪-২৫, দুইবার উয়েফা নেশন্স লিগ জয়। তিন শিরোপা জয়েই পর্তুগালকে সামনে থেকে নেতৃত্ব দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবারসহ ৩৪টি শিরোপা জয় করেছেন রোনালদো। অবশেষে সৌদিতে এসে আরেকটি অপূর্ণতা ঘুঁচিয়ে নিজের ক্যারিয়ারে আরেকটি ট্রফি যোগ করলেন পর্তুগালের অধিনায়ক।



