চট্টগ্রাম ব্যুরো ও পটিয়া-চন্দনাইশ সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গত শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়া উপজেলার থানার কেলিশহর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো: দেলোয়ার হোসেন (৫৪) পিতা মৃত দুলা মিয়া ও মো: মহসিন (৩৩) পিতা নুরে আলম।
ডিবির একটি দল প্রথমে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর একই এলাকার ছাতিভাঙা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দু’টি একনলা বন্দুক ও দু’টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম গ্রেফতারের বিষয়টি তুলে ধরে বলেন, জেলায় সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক বলেন এ ব্যাপারে পটিয়া থানায় একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



