সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। গতকাল উপজেলার পিরোজপুরের মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সহকর্মীরা জানান, দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ১২ জনের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে কয়েকজনের দগ্ধের পরিমাণ গুরুতর। মো: আমিরের শরীরের ৮০ শতাংশ, কাউসারের ৫৯ শতাংশ ও শঙ্করের ৪৬ শতাংশ পুড়ে গেছে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে আগুন ধরানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোনের উপ-সহকারী পরিচালক ওসমান গণি জানান, ক্যান্টিনের বাইরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে প্লাস্টিকের পাইপে গ্যাস রান্নাঘরে নেয়া হয়েছিল। পাইপে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



