প্রযুক্তির সাথে দ্বীনি শিক্ষার মেলবন্ধন ঘটাতে মাদরাসা শিক্ষকদের ভূমিকা অপরিসীম : অধ্যাপক মুজিবুর রহমান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আধুনিক প্রযুক্তির সাথে দ্বীনি শিক্ষার মেলবন্ধন ঘটাতে মাদরাসা শিক্ষকদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। গতকাল রাজধানীর কাঁটাবন জামে মসজিদের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামের শাশ্বত আদর্শ ও নৈতিক মূল্যবোধ সমাজজীবনে সুপ্রতিষ্ঠিত করতে মাদরাসা শিক্ষক পরিষদকে জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে দ্বীনি শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে শিক্ষক সমাজকে আগামী প্রজন্মের জন্য যোগ্য পথপ্রদর্শক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজে সুবিচার, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে মাদরাসা শিক্ষক পরিষদের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, সারা দেশে মাদরাসা শিক্ষক পরিষদকে সুসংগঠিত করতে হবে। দেশের প্রতিটি মাদরাসা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলাতে মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি অবিলম্বে গঠন করতে হবে। মাদরাসায় এমন কোনো শিক্ষক থাকবে না যারা মাদরাসা শিক্ষক পরিষদের দাওয়াত পাবে না।

সভায় তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি মাওলানা আনোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারি, ফারুক আহমেদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সেক্রেটারি ড. মাওলানা আব্দুছ ছবুর মাতাব্বুর, ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জিএম আলাউদ্দিনসহ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।