রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গৃহীত একটি অভিবাসন নীতিকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। রায়ে বলা হয়েছে, এই নীতির মাধ্যমে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় (অ্যাসাইলাম), কাজের অনুমতি, গ্রিন কার্ড এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন নিষ্পত্তি থেকে বেআইনিভাবে বঞ্চিত করা হয়েছে।
শুক্রবার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে প্রধান মার্কিন জেলা বিচারক জন ম্যাককনেল তার রায়ে উল্লেখ করেন, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের নাগরিকদের লক্ষ্য করে একাধিক অবৈধ নীতি গ্রহণ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, গত মার্চে অভিবাসী সেবা সংস্থা ও শ্রমিক ইউনিয়নগুলোর একটি জোট এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার অভিযোগ অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএসসিআইএস গত নভেম্বর থেকে এমন কিছু নীতি কার্যকর করে, যার ফলে ট্রাম্পের পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের অভিবাসন-সুবিধাসংক্রান্ত সব আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত হয়ে যায়। যদিও ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে নিরাপত্তা যাচাই ও জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বলে দাবি করে আসছিল।



