হাম উপসর্গে ঢাকাতেই ছয় শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকায় মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে ৬১৩ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮১ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭৯ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭২১ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২২ হাজার ৭৬৩ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ২৭২ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ৩৫ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ পাঁচ হাজার ২৯৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ এক হাজার ৫৩৫ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৫ জন মারা গেছে ঢাকা বিভাগে।