ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। সভায় ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইউজিসি এবং অস্ট্রেলিয়া সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতামূলক কার্যক্রম সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং কৌশলগত সম্পৃক্ততা আরো জোরদার করার লক্ষ্যে চলতি বছরের জুন মাসে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনার বিষয়েও প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করে। তারা জানান, প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার প্রথম সারির ৭ থেকে ৮টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে তারা ইউজিসির সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।



