রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমান গতরাতে শিশু রামিসার বাসায় মা-বাবার সাথে কথা বলেন : পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমান গতরাতে শিশু রামিসার বাসায় মা-বাবার সাথে কথা বলেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে খুন হওয়া শিশু রামিসা হত্যাকারীর যত দ্রুত সম্ভব বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসা আক্তারের পরিবারের সাথে দেখা করতে গিয়ে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং আট বছর বয়সী শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তাদের গভীর সমবেদনা জানান।

দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ছিলেন।