আলজাজিরা
গাজায় ও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচক হিসেবে পরিচিত জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব লাভ করেছেন। জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান পদে তুর্ককে বহাল রাখতে শুক্রবার সদস্য রাষ্ট্রগুলো ১৪৪-১০ ভোটে রায় দেয়, যেখানে ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। আগামী ১১ অক্টোবর তার বর্তমান মেয়াদের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন এই জয়ের ফলে তিনি আরো চার বছর দায়িত্ব পালন করবেন।
তুর্ক যদি তার এই দ্বিতীয় মেয়াদ সফলভাবে শেষ করেন, তবে ১৯৯৩ সালে পদটি সৃষ্টির পর তিনিই হবেন টানা দু’টি মেয়াদ পূর্ণ করা জাতিসঙ্ঘের প্রথম ‘হাইকমিশনার ফর হিউম্যান রাইটস’। তবে তার এই পুনর্নির্বাচনের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, রাশিয়া, উত্তর কোরিয়া এবং আরো ছয়টি দেশ। পুনর্নির্বাচিত হয়ে তুর্ক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক সোস্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, আজকের দিনের অস্থিরতা ও হতাশার একমাত্র প্রতিষেধক হলো মানবাধিকার। তিনি আরো যুক্ত করেন, আমি সর্বত্র সকলের অধিকারের জন্য আমার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাব।
গাজায় ইসরাইলের চালানো গণহত্যা, লেবাননে আক্রমণ এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জবাবদিহিতার লজ্জাজনক অভাবের তীব্র সমালোচনা করে তুর্ক বেশ আগেই ইসরাইলের অনেকের অসন্তোষ কুড়িয়েছেন।



