রাঙ্গামাটিতে ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

Printed Edition
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ওপর নির্মিত দুটি সেতুর একটি ব্রাজিল ও আরেকটি আর্জেন্টিনার পতাকা আঁকা হয়েছে : নয়া দিগন্ত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ওপর নির্মিত দুটি সেতুর একটি ব্রাজিল ও আরেকটি আর্জেন্টিনার পতাকা আঁকা হয়েছে : নয়া দিগন্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন এলাকায় প্রিয় দলের পতাকা, ব্যানার ও সাজসজ্জার পাশাপাশি বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে আসামবস্তি এলাকার কাপ্তাই হ্রদের ওপর নির্মিত ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’।

স্থানীয়দের দেয়া নাম অনুসারে দু’টি সেতুর একটি সেজেছে ব্রাজিলের হলুদ-সবুজ রঙে, অন্যটি আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সাথে সাথে সেতু দু’টিকে ঘিরে বাড়ছে দর্শনার্থী ও ফুটবলপ্রেমীদের ভিড়। ছবি তোলা, আড্ডা ও দলীয় সমর্থনের নানা আয়োজন সেতু দু’টিকে প্রাণবন্ত করে তুলেছে।

বিশ্বকাপের উন্মাদনা আরো বাড়াতে সম্প্রতি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আসামবস্তির ‘ব্রাজিল সেতু’তে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজার্ভ বাজার চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

আয়োজকদের দাবি, দুই শতাধিক মোটরসাইকেলে প্রায় চার শতাধিক সমর্থক এতে অংশ নেন। তাদের পরনে ছিল ব্রাজিল দলের জার্সি, হাতে ছিল বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা।

ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ শুধু খেলার আয়োজন নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উৎসবেরও উপলক্ষ। তাই তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করতে চান।

স্থানীয়দের মতে, কাপ্তাই হ্রদের ওপর দাঁড়িয়ে থাকা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; বরং রাঙ্গামাটির ফুটবলপ্রেম, আবেগ ও বিশ্বকাপ সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে পুরো রাঙ্গামাটি।