জহুরুল ইসলাম জহির গৌরনদী (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে পণ্যবাহী নসিমনসহ খালে পড়ে গেছে। গত বুধবার উপজেলার আস্কর কালীবাড়ি নতুন হাট সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই এলাকার ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে আস্কর কালীবাড়ি নতুনহাটসংলগ্ন উত্তর পাশের খালের ওপর এই সø্যাব ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘ ১০ বছরেও কোনো সংস্কার না হওয়ায় ব্রিজটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে পড়ে। গত বছর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এলাকাবাসী সংস্কারের দাবিতে ইউএনও বরাবর লিখিত আবেদন জানান।
দাবি সত্ত্বেও কোনো কার্যকরী ব্যবস্থা না নেয়ায় ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়েই যানবাহন চলাচল অব্যাহত থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার একটি নসিমন পার হওয়ার সময় ব্রিজের মাঝখানের সø্যাব ভেঙে নসিমনসহ খালের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনায় চালক পলাশ হালদার গুরুতর আহত হয়েছেন। আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার জানান, সপ্তাহে দুই দিন এই বাজারে হাট বসে। সেতুটি ভেঙে পড়ায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসতে পারছেন না। এ ছাড়া বোরো মৌসুমে কৃষকরা ধান পরিবহনে বিপাকে পড়েছেন। বর্তমানে সাধারণ পথচারীরা ভেঙে যাওয়া সেতুর ওপর বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
বাগধা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য প্রদীপ বাড়ৈ অভিযোগ করেন, ইউএনও এবং উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছিল। আশ্বাস দিলেও সময়মতো কাজ করেননি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সরেজমিন পরিদর্শন শেষে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আগৈলঝাড়া ইউএনও লিখন বণিক জানান, সেতু ভেঙে পড়ার বিষয়টি শুনেছি। উপজেলা প্রকৌশলীকে দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা হবে।



