ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় চার্জগঠন

Printed Edition

ফেনী অফিস

ফেনী শহরের মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণ-অভ্যুত্থানে হত্যার ঘটনায় একটি মামলার চার্জগঠন হয়েছে। ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ জন নেতাকর্মী রয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: সিরাজুদ্দৌলা কুতুবী চার্জগঠন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিবর্ষণে টমটম চালক সবুজ নিহত হন। ১৩ আগস্ট সবুজের ভাই ইউসুফ বাদি হয়ে ৬৫ জনের নাম উল্লেখ এবং ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সবুজের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি হলেও ফেনী শহরে অটোরিকশা চালাতেন। ২০২৫ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: ফারুক মিয়া ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের লে. জে. (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী রয়েছেন।