নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম দুর্ভোগে পড়েছেন। দোকানের মালামালের পাশাপাশি নগদ অর্থও পুড়ে যাওয়ায় অনেকেই কার্যত নিঃস্ব হয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা জানান, দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় ৪০ মিনিট পর আসে। যদি আরও দ্রুত আসত, তাহলে অনেক দোকান বাঁচানো যেত।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, দুইতলা বাজারের নিচতলায় কাঁচাবাজার, কসাইখানা ও বিভিন্ন দাহ্য পণ্যের দোকান ছিল। ওপরের তলায় সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। বাজারটির পাশে একটি হাসপাতাল রয়েছে। এ কারণে শুরু থেকেই সেখানে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ সতর্কতা নেয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।



