চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- রাকিব ও তুষার। তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন নয়া দিগন্তকে জানান, ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে আগ্রাবাদ অ্যাকসেস রোডের ওই অংশে ট্রায়াল পিট করার সময় এই দুর্ঘটনা ঘটে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো প্রকল্পটি বাস্তবায়ন করছে। ওই প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনার প্রতিবেদন চাওয়া হয়েছে।
ওয়াসার এই কর্মকর্তা আরো জানান, নিহত দুই শ্রমিকের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে যথাযথ ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।



