কমিটির দ্বন্দ্বে অধ্যক্ষের কক্ষে বিএনপি নেতার তালা

Printed Edition

ঝ ালকাঠি প্রতিনিধি

কমিটি গঠন ও নারী সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে অসদাচরণের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার শাহ মাহমুদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল আমিন জামাল সিকদারের অনুসারীদের বিরুদ্ধে গত ১৭ মে দুপুরে এ ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সাবেক কর কমিশনার জাহাঙ্গীর হোসেন সেলিম মল্লিককে সভাপতি পদে মনোনয়ন দেন। অন্য দিকে জেলা পরিষদ প্রশাসক ও ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল সিকদারের নামও প্রস্তাব করা হয়। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে বিভক্তি তৈরি হয়। এর মধ্যেই সম্প্রতি কলেজ মাঠে সংরক্ষিত নারী আসনের এমপি জীবা আমীনা আল গাজীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার এমপিকে ফুল দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাজনৈতিক এই দ্বন্দ্বের কারণে কলেজের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও ব্যবসায়ীরা। দ্রুত এই অচলাবস্থা নিরসন করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তারা।

অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার অভিযোগ করেন, সংসদ সদস্য ইলেন ভুট্টোর নির্দেশনা অনুযায়ী আমি জেলা প্রশাসক বরাবর সুপারিশ পাঠিয়েছি। এ কারণেই ক্ষিপ্ত হয়ে জামাল সিকদারের লোকজন আমার কক্ষে তালা দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রিয়াজুল আমিন জামাল সিকদার বলেন, অধ্যক্ষ কলেজটি শেষ করে দিয়েছেন। সংবর্ধনার দিন তিনি এমপির সাথে বেয়াদবি করেছেন। তালা আমি দিইনি, ক্ষুব্ধ স্থানীয়রা দিয়েছে। এখন এমপি জীবা আমীনা ও জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ ভাইয়ের নির্দেশনা ছাড়া এই কক্ষ খোলা যাবে না।