জাবি প্রতিনিধি
দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপত্তাব্যবস্থা চরম সঙ্কটে পড়েছে। অরক্ষিত সীমানা প্রাচীর, পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর অভাব এবং অবাধে বহিরাগতদের প্রবেশের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়ছে। গত মঙ্গলবার ক্যাম্পাসের অভ্যন্তরে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর এই ক্ষোভ ও উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্তত সাতটি স্থানে সীমানা প্রাচীর অরক্ষিত অবস্থায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আল বেরুনী হলের পেছনের খেলার মাঠ সংলগ্ন এলাকা, সেন্ট্রাল ফিল্ড, মনপুরা এলাকা, জাবি স্কুল ও কলেজ সংলগ্ন এলাকা, কলাবাগান, মীর মশাররফ হোসেন হলের পাশে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকা এবং নবাব ফয়জুন্নেছা হলের সীমানা প্রাচীর।
অভিযোগ রয়েছে, এসব অরক্ষিত পথ ব্যবহার করে বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে। পর্যাপ্ত আলো ও নজরদারি না থাকায় এসব পয়েন্ট দিয়ে মাদক সরবরাহ ও সেবন বাড়ছে। শিক্ষার্থীরা জানান, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, আপত্তিকর ছবি তোলা এমনকি চুরির মতো অপরাধও ঘটাচ্ছে। বিশেষ করে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আল বেরুনী হলের পেছনের মাঠটির প্রাচীর দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সেটি মাদককারবারিদের নিরাপদ পথে পরিণত হয়েছে। এ ছাড়া প্রাচীর টপকে হলের ভেতরে চোর প্রবেশের ঘটনাও ঘটেছে।



