সুন্দরবনে অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ

Printed Edition

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদারসহ সাত ডাকাত বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা অস্ত্র ও গোলাবারুদ জমা দেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে দস্যু দমন ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ধারাবাহিক অভিযানের চাপে দস্যুরা কোণঠাসা হয়ে পড়ায় ছোট সুমন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

গত ১৭ মে রাতে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে বাহিনীর প্রধান সুমন হাওলাদারসহ সাতজন আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দু’টি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আত্মসমর্পণকারীরা হলেন, সুমন হাওলাদার, রবিউল মল্লিক, রফিক শেখ, সিদ্দিক হাওলাদার, গোলাম মল্লিক, ইসমাইল খান ও মাহফুজ মল্লিক।