নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও এর তিনটি অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আজ শনিবার মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। দলীয় সূত্রগুলো বলছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের বিরোধ এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি।
মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম দেখতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী জানান, সরকার দায়িত্ব নেয়ার পর গত দু-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।
সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে- শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিকের। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধীদল তার সমালোচনা করবে। এটিই মূল এবং এটিই হওয়া উচিত। বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।



