সৌরবিদ্যুতে আলোকিত পদ্মা সেতুর সার্ভিস এরিয়া

লাখ লাখ টাকার বিল সাশ্রয়

Printed Edition

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। সেতুর দুই নম্বর সার্ভিস এরিয়ায় ২ দশমিক ৪৯ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) ক্ষমতার আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হচ্ছে উদ্বৃত্ত বিদ্যুৎ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো: মাসুদ রানা শিকদার গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, পদ্মা সেতু এলাকায় গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সার্ভিস এরিয়া-২-এ স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত। দিনের বেলায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করছে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে রাতে বা মেঘলা আবহাওয়ায় প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতি দেখা দিলে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেয়া হচ্ছে। ফলে বিদ্যুৎ ব্যবহারের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি জুন মাসে সার্ভিস এরিয়া-২-এর বিদ্যুৎ বিল এসেছে মাত্র ৭৫ হাজার ৭১৪ টাকা, যা মূলত ডিমান্ড চার্জ। অথচ গত মে মাসে বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।

মে মাসে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট/ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একই সময়ে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ব্যবহার করা হয়েছে ৩৪ হাজার কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ। ফলে প্রায় ২০ হাজার ইউনিট বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, পদ্মা সেতুর মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহার শুধু বিদ্যুৎ বিল কমাচ্ছেই না, একই সাথে পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ হ্রাসেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের গ্রিন এনার্জি রূপান্তর কর্মসূচি বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ মোট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ দশমিক ৩ মেগাওয়াট। এর মধ্যে সার্ভিস এরিয়া-২-এ নেট মিটারিং কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে। অন্য দুই সার্ভিস এরিয়াতেও একই কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, পদ্মা সেতু এলাকায় সৌরবিদ্যুতের এই উদ্যোগ সরকারি অবকাঠামো ব্যবস্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে।