লেবাননের ২৯ এলাকা খালি করার নির্দেশ ইসরাইলের

নতুন করে হামলার আশঙ্কা

Printed Edition
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলার পর ঘটনাস্থলে মানুষের সমাগম  : ইন্টারনেট
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলার পর ঘটনাস্থলে মানুষের সমাগম : ইন্টারনেট

আলজাজিরা

লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ২৯টি এলাকা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইল পাল্টা আক্রমণ জোরদার করেছে।

রোববার ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নাবাতাইয়েহ জেলার ২৫টি এবং সিদোন জেলার চারটি এলাকা খালি করার কড়া নির্দেশ জারি করা হয়। জা বা, হুমিন আল-তাহতা, আনসার ও কাফার সির-এর মতো জনবসতিপূর্ণ এলাকাগুলো এই নির্দেশের আওতায় পড়েছে। নির্দেশ জারির পরপরই বিনত জেবেল জেলার ফ্রউন শহরে ইসরাইলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

লেবাননের নাবাতাইয়েহ শহরটি একসময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অঞ্চলটির একমাত্র কার্যকর হাসপাতালটিও এখন ঝুঁকির মুখে রয়েছে। এ দিকে তেহরান দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই চুক্তি নিয়ে লেবাননের জনগণের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর লেবাননে যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করতে হয়েছিল, যেখানে একদিনেই ৩৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবারো ইসরাইলি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই চুক্তির অংশ নয় এবং লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অটল।

ইতোমধ্যে ইসরাইলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির হিজবুল্লাহর ওপর আরো ভয়াবহ হামলার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহর প্রতিটি ড্রোনের বিপরীতে ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরাইলি সেনার ক্ষতির বিপরীতে হাজারো যোদ্ধাকে নিধন করা উচিত। একই সুরে অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বৈরুতের দাহিহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে আরো বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।