বর-কনের বদান্যতা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিয়েবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্ব ক্যাটারারের। একেবারে শেষ ব্যাচে খেতে বসেন বর-বৌ এবং নিকটাত্মীয়রা। সচরাচর এ দৃশ্য দেখতে আমরা কমবেশি অভ্যস্ত। কিন্তু সম্প্রতি নবদম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে ভূমিকা বদল করে ফেললেন। তারাই খাবার পরিবেশন করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন। ক্যাটারারদের খাবার পরিবেশন করছিলেন তারা।

আরুশ৭০৬৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয়ে দেখা গিয়েছে যে, নবদম্পতি তাদের বিয়ের পোশাকেই রয়েছেন। নববধূর পরনে রয়েছে লাল লেহঙ্গা। তার স্বামী পরেছেন শেরওয়ানি। ক্যাটারারেরা সবাই খেতে বসেছেন। তাদের সবাইকে খাবার পরিবেশন করছেন নতুন বৌ ও তার স্বামী।

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সমস্ত দায়িত্ব যাদের ওপর থাকে, দিনশেষে তাদের খেতে দেয়ার মতো আর কাউকে পাওয়া যায় না। নবদম্পতি যে সে কথা মাথায় রেখে ক্যাটারারদের শেষ ব্যাচে বসিয়ে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন, সে ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। নবদম্পতিকে আশীর্বাদ করে এক নেটাগরিক লিখেছেন, ‘ভিডিওটি দেখে সত্যিই মন ভরে গেল। পরিষেবা দেয়া-নেয়ার ওপরেও মানবতা স্থান পায়। তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।