ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নির্যাতন টাকা লুট

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ছাগল ব্যবসায়ীকে বাড়িতে ডেকে চেয়ারের সাথে বেঁধে নির্যাতন চালিয়ে তার নিকট থেকে ছাগল কেনার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছাগল কেনার কথা বলে ফোন করে ওই ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নেয়া হয় বলে। ভুক্তভোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার ছাগল ব্যবসায়ী আল আমিন (২৪) নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের সোবহান মোল্লার ছেলে। এ ঘটনায় সোবহান মোল্লা বাদি হয়ে গত বুধবার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার সকালে শাকপালদিয়া গ্রাম থেকে ফোন করে দু’টি ছাগল বিক্রির কথা বলে আল আমিনকে ওই গ্রামের মজিদ ফকিরের বাড়িতে ডেকে নেয়া হয়। তারপর সালথা বাজারের একটি ঘটনায় প্রতারক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ এনে আল আমিনকে একটি চেয়ারের সাথে বেঁধে মারপিট করা হয়।

আল আমিনের বাবা সোবহান মোল্লা বলেন, তার ছেলের গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। নির্যাতনের একপর্যায়ে সে জ্ঞান হারালে তার কাছে রাখা ছাগল কেনার জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা তারা নিয়ে নেয়।

এ দিকে, ছেলের ফোন পেয়ে সোবহান মোল্লা সেখানে যেয়ে দেখেন আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তখন কারণ জিজ্ঞেস করলে উপস্থিত লোকজন জানায়, তাকে ভুল করে নির্যাতন করা হয়েছে। পরে তারা এই ঘটনার বিচার করে দিবে। এরপর তিনি ছেলেকে হাসপাতালে এনে ভর্তি করেন।

এ ঘটনায় শাকপালদিয়া গ্রামের মুকুল (২৬), মজিদ ফকির (৫৬) ও ছালাম ফকিরসহ (৬০) আরো চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে ভুক্তভোগী আল আমিনের মা লিমা নাজনিন বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। তার কাছে থাকা টাকা-পয়সাও নিয়ে নেয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।