নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার নিয়োগ দেয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। এর আগে ২৬ ফেব্রুয়ারি শেখ মো: সাজ্জাত আলী ডিএমপি কমিশনার থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো: সারওয়ারকে ডিএমপি কমিশনারের দায়িত্ব দেয়া হয়। ১৪ মে তিনি অবসরে গেলে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দফতরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমদ। পেশাগত জীবনে জাতিসঙ্ঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুরে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।



