বগুড়া অফিস
দেশীয় শ্রমনির্ভর বিড়ি শিল্প টিকিয়ে রাখতে পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার সকালে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন শ্রমিকরা। শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প, যার ওপর নির্ভর করে সারা দেশের প্রায় ১৮ লাখ শ্রমিকের জীবন জীবিকা। বহুজাতিক সিগারেট কোম্পানির ষড়যন্ত্রের কারণে এ শিল্পে ক্রমাগত শুল্ক বাড়ানো হচ্ছে। অতিরিক্ত শুল্কের চাপে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হচ্ছেন।



