বিবিসি ও আলজাজিরা
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে যাওয়ায় প্রতিবেশী দেশটির বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার বিরুদ্ধে বন ব্যবস্থাপনায় ‘ইচ্ছাকৃত অবহেলার’ অভিযোগ তুলে বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের জনগণ দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের শিকার হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের আগ্রাসনের শিকার হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করবেন বলেও জানান। ট্রাম্প আরো ইঙ্গিত দেন, পরিস্থিতির জন্য কানাডাকে দায়ী করে দেশটির পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশজুড়ে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর মধ্যে অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শুধু অন্টারিও প্রদেশেই ১৯০টির বেশি দাবানল জ্বলছে, যার অনেকগুলো এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চলতি মৌসুমে দাবানলে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
কানাডার দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, উইসকনসিন, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্কসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। বহু এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কারণে বাতিল করা হয়েছে অসংখ্য বহিরাঙ্গন অনুষ্ঠান ।



