তামিম ও স্বপ্না সেরা অ্যাথলেট

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের শেষ দিনে গতকাল তিনটিসহ ৯টি জাতীয় রেকর্ড, ২১টি স্বর্ণ পেয়ে শীর্ষে নৌবাহিনী। সেরা খেলোয়াড় তামিম হোসেন ও স্বপ্না খাতুন। সেরা কোচ বা সংগঠক নৌবাহিনীর মো: আনসার আলী।

তিন দিনে মোট ৪০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ মোট ৪৭টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে। ১৭টি স্বর্ণ ২০টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জ সহ মোট ৫৭টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে ৩য় অবস্থান অর্জন করেছে বিকেএসপি।

সেরা পুরুষ অ্যাথলেট : মো: তামিম হোসেন (বিকেএসপি)। তিনি এই গেমসে লংজাম্প ইভেন্টে ৭.৫৫ মিটার দূরত্ব অতিক্রম করে কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেছেন। সেরা মহিলা অ্যাথলেট: স্বপ্না খাতুন (নৌবাহিনী)। তিনি এই গেমসে লংজাম্প ইভেন্টে ৬.২৫ মিটার দূরত্ব অতিক্রম করে এক নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন। সেরা কোচ বা সংগঠক আনসার আলী (কোচ, নৌবাহিনী)। তার দক্ষ দিকনির্দেশনা ও প্রশিক্ষণে তার অধীনস্থ পাঁচজন অ্যাথলেট এই গেমসে নতুন জাতীয় রেকর্ড গড়ার গৌরব অর্জন করেছেন।

শেষদিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। জ্যাভলিন থ্রো (পুরুষ) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড ৬৭.৩৫ মিটার দূরত্ব নিক্ষেপ করেন নৌবাহিনীর মেহেদী হাসান। পূর্বে ২০১৭ সালে মো: মনিরুজ্জামানের ৬৪.০৫ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। পোলভল্ট ইভেন্টে ৪.৫২ মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর মো: সৌরভ মিয়ার পূর্বে ২০২৫ সালে ৪.৫১ মি. উচ্চতা নিজেরই রেকর্ড ছিল। ট্রিপল জাম্প (মহিলা) ইভেন্ট নতুন জাতীয় রেকর্ড নৌবাহিনীর সনিয়া আক্তার ১২.৭২ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। পূর্বে এই ইভেন্টে ২০২৫ সালে ১২.৪৯মিটার অতিক্রম করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল।