দুধের সর কতটা স্বাস্থ্যকর?

Printed Edition

দুধের সর খেতে পছন্দ করেন অনেকে। সর দিয়ে নানা মুখরোচক খাবার, পানীয় ও খাদ্য উপকরণও তৈরি করা হয়, যেসব প্রায়ই খান অনেকে। সুস্বাদু হলেও দুধের সর কি স্বাস্থ্যকর? দুধের সরে থাকে স্যাচুরেটেড ফ্যাট, কালিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে; খানিকটা আমিষ ও শর্করাও থাকে এতে। অর্থাৎ পুষ্টিগুণে দুধের সর দারুণ।

তবে মূল বিপত্তিটা স্যাচুরেটেড ফ্যাট নিয়েই। দুধের সরে ক্যালরির মাত্রাটাও বেশি। মাত্র এক টেবিল চামচ দুধের সর থেকেই আপনি ৫০ কিলোক্যালরির একটু বেশি পেয়ে যাবেন।

অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তবে একজন সুস্থ ব্যক্তি রোজ এক-দুই চা-চামচ দুধের সর খেলে ক্ষতি নেই। এর বেশি না খাওয়াই ভালো।

যেসব সমস্যা থাকলে দুধের সর এড়িয়ে চলতে হবে। হৃদ্রোগ (হৃৎপিণ্ডের ধমনিতে ‘ব্লক’), উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, রক্তে ‘টোটাল কোলেস্টেরল’ বা ‘এলডিএল কোলেস্টেরল’-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

অনেকে আবার দুধের সর না খেলেও সর দিয়ে তৈরি নানা খাবার বা পানীয় খান। ঘি, মাখন, ননি- সবই আদতে দুধের সর। ঘি বা মাখন দিয়ে মুখরোচক নানা খাবারই তৈরি হয়। সরাসরি দুধের সর না খেলেও এ ধরনের খাবারে থাকা দুধের সর আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইন্টারনেট