ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পানে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, আমার ভাতিজা হাজারীবাগের একটি বাসায় সাবলেট থাকতো । রুমমেট জানান, রাত ৯টার পরে সীমান্ত তার রুমের দরজা বন্ধ করে রেখেছিল। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সারা শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাসার মালিক দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সীমান্তকে হাসপাতালে নেয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বেরোচ্ছিল। এতে আমরা ধারণা করছি বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত আত্মহত্যা করেছে। তবে কেন সে এই কাজটি করেছে তা আমরা কিছুই বলতে পারব না। সীমান্তের গ্রামের বাড়ি নরসিংদী মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। সদরুল আমিনের ছেলে। বর্তমানে হাজারীবাগের মনেস্বর রোডে তিনি বাজার মসজিদের পাশে ৯৪/২-এ পাঁচ তলা বাসার নিচতলায় থাকতেন।



