ডামুড্যায় ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আহত হন।

আহতরা হলেন- সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল হাদী জিল্লুর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সিড্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারির নেতৃত্বে কয়েকজন এ হামলা চালান।

প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, সরকারি নিয়ম অনুযায়ী পাঁচটি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর সময় হামলার ঘটনায় তিনি ও চেয়ারম্যান আহত হন।

চেয়ারম্যান জিল্লুর অভিযোগ করেন, জাতীয় সংগীতের সময় জসিম বেপারি, তার ছেলে ও সহযোগীরা তার ওপর হামলা চালান।