নারায়ণগঞ্জে পিবিআইর অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার

পিতাসহ গ্রেফতার ৩

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বুকস গার্ডেন এলাকা থেকে অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। একই ঘটনায় জড়িত মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পিবিআই জানায়, নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপুলিশ পরিদর্শক মো: ফরহাদ বিন করিমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮ মে গভীর রাতে রাজধানীর বনানী কড়াইল বস্তির টিএনটি গেট এলাকা থেকে অপহরণের মূলহোতা এমদাদুল হক রাব্বানীকে (২৩) গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর-ই-নাসরিনকে (২৯) আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।

গত ১৩ মে রাতে সাভারের আড়াপাড়া এলাকার নিঝুমনিবাস এলাকা থেকে পাঁচ বছর বয়সী অপর শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু দু’টির পিতা মেজবাহ উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে।