বন বিভাগের সদস্যদের গুলিতে জেলে নিহত

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। গত সোমবার সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে সহকর্মীরা তার লাশ লোকালয়ে নিয়ে আসেন।

নিহত আমিনুর সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা।

সহকর্মীরা জানান, গত ১৩ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা চারজন সুন্দরবনে যান। গত রোববার রাতে বাতাসের কারণে তাদের নৌকাটি অভয়ারণ্য এলাকায় চলে যায়। গত সোমবার সকালে ফেরার সময় স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের আটক করে নৌকা রেখে বনের মধ্যে চলে যেতে বলেন। জেলেরা এতে অস্বীকৃতি জানালে নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক গুলি ছোড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হন। বনকর্মীরা তাকে চিকিৎসা না দিয়ে ফেলে চলে যান। পরে নৌকায় ফেরার পথে তার মৃত্যু হয়।