মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ সফর এবং দেশের অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে সরকার। গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়, যা ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশনার স্থলাভিষিক্ত হবে।
নতুন নির্দেশনায় প্রটোকল ব্যবস্থার আধুনিকায়ন এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কর্মঘণ্টা সাশ্রয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। নির্দেশনার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:
বিমানবন্দর প্রটোকল
মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের উপস্থিত থাকার প্রয়োজন নেই। এক্ষেত্রে মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ঢাকার অভ্যন্তরে সফর শুরু বা শেষ করার সময় সংশ্লিষ্ট একান্ত সচিব (পিএস) উপস্থিত থাকবেন।
জেলা ও উপজেলা পর্যায়ের অভ্যর্থনা
জেলা সদর : জেলা সদরে সফরের সময় যথাসম্ভব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট বিভাগের স্থানীয় জ্যেষ্ঠতম কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে মন্ত্রীরা ইচ্ছা প্রকাশ করলে ডিসি বা এসপিকে তাদের পূর্বনির্ধারিত সফর বাতিল করে উপস্থিত হতে হবে না; সেক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার এই দায়িত্ব পালন করবেন।
উপজেলা পর্যায় : উপজেলা সদরে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় জ্যেষ্ঠতম কর্মকর্তা উপস্থিত থাকবেন। বিশেষ প্রয়োজন ছাড়া এক্ষেত্রে ডিসি বা এসপির উপস্থিত থাকার প্রয়োজন নেই।
ট্রানজিট ও বিশেষ ক্ষেত্রে শিথিলতা
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরের বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে প্রটোকলের জন্য ডিসিদের উপস্থিত থাকার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে অন্য কোনো জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের একজন উপযুক্ত প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনারের ক্ষেত্রে প্রটোকল নয়, বরং সৌজন্যমূলক সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।
নিরাপত্তা ও রেল ভ্রমণ
মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের সফরসূচি পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট রুটের সব থানা ও ফাঁড়িকে অবহিত করবেন। ট্রেন থেকে নামা বা ওঠার সময় স্টেশনে পুলিশের একজন পরিদর্শক বা উপপরিদর্শক উপস্থিত থাকবেন। তবে চট্টগ্রাম স্টেশনে রেলওয়ে পুলিশ সুপারের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
সরকারি বনাম ব্যক্তিগত সফর
সফরসূচি প্রণয়নের সময় সফরটি সরকারি নাকি ব্যক্তিগত, তা স্পষ্টভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে।
সরকারি সফর : যাতায়াত ও বাসস্থানের ব্যবস্থা সরকার করবে। ব্যক্তিগত সফর : ব্যক্তিগত সফরের ক্ষেত্রে সরকারি যানবাহন বা আবাসন ব্যবহার করলে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত সেবা মূল্য পরিশোধ করতে হবে।
সদর দফতর বা সার্কিট হাউজের বাইরে নিজ বাড়িতে অবস্থানের ক্ষেত্রেও বিদ্যমান প্রটোকল ও নিরাপত্তা বিধি প্রযোজ্য হবে। মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিবরা (এপিএস) এসব সমন্বয় করবেন।


