ইতিহাসের পুনরাবৃত্তি চায় ঘানা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এল’-এ আগামীকাল ভোর ৫টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হবে ঘানা ও পানামা। দুই দলই নিজেদের বিশ্বকাপ অভিযান ইতিবাচকভাবে শুরু করতে চায়, তবে তাদের প্রস্তুতির গল্প একেবারেই ভিন্ন। আফ্রিকার ঐতিহ্যবাহী শক্তি ঘানা সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে, অন্য দিকে পানামা ধীরে ধীরে নিজেদের একটি প্রতিযোগিতামূলক দল হিসেবে প্রতিষ্ঠা করার ইঙ্গিত দিয়েছে। ঘানার ফুটবল কয়েক মাস আগেও বড় ধাক্কা খেয়েছিল, যখন দেশটি দুই দশকের মধ্যে প্রথমবার আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়। তবে বিশ্বকাপ মঞ্চ সবসময় নতুন গল্প লেখার সুযোগ দেয়, আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছে ব্ল্যাক স্টারসরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ঘানা অবশ্য বেশ শক্তিশালী ছিল। তারা আট জয়, এক ড্র এবং মাত্র এক হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকিট নিশ্চিত করে; কিন্তু বাছাইপর্বের পর থেকেই দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখা যায়নি। একের পর এক হতাশাজনক ফলের পর দায়িত্ব ছাড়েন কোচ অটো আদ্দো এবং দলের দায়িত্ব নেন অভিজ্ঞ কার্লোস কুইরোজ। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই কোচ এর আগে একাধিক জাতীয় দল পরিচালনা করেছেন এবং টানা দ্বিতীয় বিশ্বকাপে কোচ হিসেবে উপস্থিত হচ্ছেন।