নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, মানুষের তৈরি মতবাদে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। একমাত্র ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই দেশের কোনো নাগরিককে আর ছিন্নমূল হয়ে থাকতে হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের সেই ভোট চুরি করা হয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টাও স্বীকার করেছেন যে, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, আর তা হলে কথিত সুশীল সমাজ ভাগ-বাটোয়ারা পাবে না বলেই এই ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি বলেন, বিগত ৫৫ বছরেও সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। অতীতে যারা ক্ষমতায় ছিল এবং বর্তমানে যারা আছে, তাদের লুটপাট ও দুর্নীতির কারণেই সমাজে চরম বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করতে ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই।
ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কয়েক শত ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।



