বড়লেখায় আ’লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেফতার

Printed Edition

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী জামায়াত নেতা ও প্রবাসী ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদ- দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় জামায়াতে ইসলামীর কর্মী লোকমান আহমদ নিহত হয়।

এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করে। ১৩ বছর আগের সেই মামলার ওয়ারেন্ট জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন থেকে কাতারে অবস্থান করছেন, সেখানে তিনি ব্যবসার সাথে জড়িত। ৫ আগষ্ট পরবর্তী তিনি দেশে নিয়মিত আসা যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সাবেক ছাত্রনেতা খিজির আহমেদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হলেও পতিত স্বৈরাচার সরকার তার বিজয় ছিনতাই করে। এমতাবস্থায় তাকে ২০১৩ সালের রাজনৈতিক হয়রানি মামলায় গ্রেফতার করা খুবই দুঃখজনক। বর্তমানে অনেক মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের অতি উৎসাহী হয়ে এভাবে অভিযান ও গ্রেফতার করা খুবই দুঃখজনক। এজন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, খিজির আহমদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।