এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজাদ জম্মু ও কাশ্মিরকে (এজেকে) আরো বেশি সাংবিধানিক ক্ষমতা দেয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি জাতীয় অর্থ কমিশন (এনএফসি), অভিন্ন স্বার্থ পরিষদ (সিসিআই) এবং ফেডারেল মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আজাদ কাশ্মিরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।
শুক্রবার দাদিয়ালে এক জনসভায় আসন্ন আজাদ কাশ্মির আইনসভা নির্বাচনের জন্য পিপিপির নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন বিলাওয়াল। এলএ-১ দাদিয়াল আসনে দলের প্রার্থী আফসার শহীদের পক্ষে আয়োজিত ওই সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মিরের কণ্ঠস্বর তুলে ধরতে পিপিপিকে নির্বাচিত করতে হবে।
সমাবেশে বিলাওয়াল পিপিপির রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ‘শাসনের অধিকার, মালিকানার অধিকার এবং কর্মসংস্থানের অধিকার’- এ তিনটি নীতিকে সামনে তুলে ধরেন। তিনি বলেন, আজাদ কাশ্মির ও গিলগিট-বালতিস্তানের ভবিষ্যৎ কর্মসূচির মূল ভিত্তি হবে এসব নীতি।
তিনি জানান, নির্বাচনের পর আজাদ কাশ্মির ও গিলগিট-বালতিস্তানে সাংবিধানিক সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সাংবিধানিক ও আইনগত সংস্কারের রূপরেখা নির্ধারণ করা হবে। বিলাওয়াল বলেন, আজাদ কাশ্মিরের জাতীয় অর্থ কমিশন ও অভিন্ন স্বার্থ পরিষদে আরো শক্তিশালী প্রতিনিধিত্ব থাকা উচিত। পাশাপাশি ভবিষ্যতে অঞ্চলটির জন্য পৃথক একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের প্রস্তাবও দেন তিনি। তার ভাষায়, কাশ্মিরি রাজনৈতিক নেতারা জনগণ, ইসলামাবাদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। আসন্ন নির্বাচনকে আজাদ কাশ্মিরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে বিলাওয়াল বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পিপিপির হাতে তুলে দেয়ার সুযোগ পাবেন।



