দুই এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন স্থানে নিহত চার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নোয়াখালী ও কুষ্টিয়ায় দু’জন এসএসসি পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে তন্ময় চন্দ্র ও কুষ্টিয়ার দৌলতপুরে রহিবুল ইসলাম নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর-

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে দীপ দেবনাথ (১৬) নামে আরো এক পরীক্ষার্থী। গতকাল বুধবার চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সাথে বাইরে যান। দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ দিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বেগমগঞ্জ থানার ওসি মো: শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল ইসলাম উপজেলার তারাগুনিয়া এলাকার হিসনাপাড়া ফারাকপুর গ্রামের ইমান আলীর ছেলে। সে স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রহিবুল মোটরসাইকেল চালিয়ে প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় লরির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এ আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহতকে ভালুকা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের বাড়ি নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে লরিতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেন ধরে ভালুকার দিকে আসছিলেন ইট ভাঙানো কাজের কয়েকজন শ্রমিক। পরে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস শ্রমিকবাহী ওই লরিকে ধাক্কা দেয়। এতে লরিতে থাকা শ্রমিক নাজিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হন। খবর পেেয় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহতকে ভালুকা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মুক্তার হোসেন (৬৭) নামে একজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পুকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামাণিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যানে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিল। এ সময় আবদুলপুরের করিমপুর রেলগেট থেকে পুকন্দা গ্রামে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক পরিবহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন গাড়ির সঙ্গে ওই অটোভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।